খায়রুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি ফুটওভার ব্রিজ (পদচারী সেতু) নির্মাণের দাবি ক্রমেই জোরালো হয়ে উঠেছে। ব্যস্ততম এই মহাসড়ক পারাপারে প্রতিদিন জীবনের ঝুঁকি নিতে হচ্ছে শত শত পথচারীকে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকাটি অত্যন্ত জনবহুল। আশপাশে বেশ কয়েকটি বড় পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা থাকায় ভোর থেকে রাত পর্যন্ত এখানে মানুষের চলাচল থাকে। বিশেষ করে সকাল ও বিকেলে পোশাক কারখানার শ্রমিকদের শিফট পরিবর্তনের সময় মহাসড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষের জটলা তৈরি হয়। সরেজমিনে দেখা যায়, দ্রুতগতিতে চলাচলকারী দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ফাঁক গলে পথচারীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন। শিশু শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের রাস্তা পার হতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সময় যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এতে প্রতিদিনই আতঙ্ক নিয়ে মহাসড়ক পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এখানে একটি ফুটওভার ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি। প্রতিদিন সন্তানকে স্কুলে পাঠিয়ে কিংবা পরিবারের কেউ কর্মস্থলে গেলে অক্ষত অবস্থায় ফিরবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। মানুষের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি।”এ বিষয়ে কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন বেলাল বলেন, “ফায়ার সার্ভিস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই স্থানটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক ও শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা এখন সময়ের দাবি।”
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় সড়ক পারাপারে পথচারীদের দুর্ভোগ ও ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশেষ করে শ্রমিক ও স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা জরুরি। দ্রুত পদচারী সেতু নির্মাণের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে। ভুক্তভোগী পথচারী, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল বলছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এই গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে দুর্ঘটনার ঝুঁকি কমার পাশাপাশি নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত হবে। তারা জনসাধারণের জানমালের নিরাপত্তায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।